সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সড়কে গতিরোধ করে এক তরুণকে মারধর করে নগদ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কামারবাড়ি এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাগর সরকার (২২) জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জের খোদেজা মার্কেট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি গাজীপুরের পূবাইলের উদ্দেশে রওনা হন। পথে কামারবাড়ি এলাকায় পৌঁছালে ৯ থেকে ১০ জনের একটি দল তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে তাকে পাশের একটি জঙ্গলে টেনে নিয়ে মারধর করে।
লিখিত অভিযোগে তিনি বলেন, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। হামলার সময় সুইচ গিয়ারের আঘাত থেকে বাঁচতে গিয়ে তার বাম চোখের নিচে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে খবর পেয়ে সাগরের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপরও হামলার চেষ্টা করে। এ সময় সাগরের স্বজন ফয়সালের কাছ থেকে আরও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা সাগরের মোটরসাইকেলটি ভাঙচুর করে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
পরে স্থানীয়দের সহায়তায় আহত সাগর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ছিনিয়ে নেওয়া ফয়সালের মোবাইল ফোনে কল করলে অপর প্রান্ত থেকে ৪ হাজার টাকা দিলে ফোনটি ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
স্থানীয় কয়েকজন জানান, হামলায় জড়িতরা কিশোর বয়সী এবং তাদের অনেকেই মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.