আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে সামাজিক ও পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জামান ফাউন্ডেশন।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৩৩ নম্বর হাজারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “লাগাবো বৃক্ষ, নির্মল হবে পরিবেশ, গড়বো সবুজ বাংলাদেশ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও রফিকুল ইসলাম আলী, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মুসা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাইনউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন ও সাংগঠনিক সম্পাদক শাহিদ সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রমথ রঞ্জন ভৌতিক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, নদীভাঙন ও পরিবেশ দূষণ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠার আহ্বান জানান।
জামান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জামান হোসেন বলেন, “গাছ মানুষের প্রকৃত বন্ধু। জন্মদিন, জাতীয় দিবস কিংবা জীবনের বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে অন্তত একটি করে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি পরিবেশ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও আশপাশের খালি জায়গায় গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।
জামান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সবুজায়ন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.