রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা-গাজীরহাট সড়কের কাটেঙ্গা বাজার চৌরাস্তা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে থাকা মানুষের জন্য স্বস্তি ফিরেছে। নিজ অর্থায়নে প্রায় ২০০ ফুট সড়ক সংস্কার করেছে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশন।
বুধবার (৮ জুলাই) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সিঙ্গাপুরপ্রবাসী শেখ শহিদুল ইসলামের উদ্যোগে ইটের খোয়া ও বালু ফেলে সড়কের নিচু অংশ চলাচল উপযোগী করা হয়। সংস্কার কাজ শেষ হওয়ার পর পথচারী ও বিভিন্ন যানবাহনের চলাচল আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
স্থানীয়রা জানান, গত চার থেকে পাঁচ বছর ধরে কাটেঙ্গা বাজার চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হতো। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, মুসল্লিসহ প্রতিদিন শত শত মানুষ কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হতেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেয় শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশন।
সংস্কারের ফলে সড়কের নিচু অংশে কাদা ও পানি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী বলেন, “মানুষের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় মানুষের জন্য অনেক উপকার বয়ে এনেছে।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ শহিদুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের জন্য কাজ করতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের ভাষ্য, সড়ক সংস্কারের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় আস্থা ও সুনাম অর্জন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.