সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রিপন ফকির (২৮) নামে এক পেশাদার ডাকাত ও অস্ত্রধারী অপরাধীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মহম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার বাংকরাইল (বারইখোলা) গ্রামের মো. কেরামত ফকিরের ছেলে। বুধবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারা) তদন্তের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন তদন্তের অংশ হিসেবে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপন ফকিরকে গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, রিপন ফকির একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ফরিদপুর, বোয়ালমারী ও মাগুরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ফরিদপুর কোতোয়ালি, সালথা এবং মাগুরার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলার তথ্য যাচাই করা হচ্ছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামিম আহমেদ বলেন, “গ্রেপ্তারকৃত রিপন ফকির একজন পেশাদার ডাকাত। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.