বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বাজারের মুদি ব্যবসায়ী ও কালমেঘ হাট বণিক সমিতির সদস্য মো. আবুল কাসেমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কালমেঘ বাজারে কালমেঘ হাট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহতের স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কালমেঘ হাট বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বাজারের ব্যবসায়ীরা, নিহত আবুল কাসেমের স্ত্রী, বড় ভাই এবং প্রতিবেশীরা।
বক্তারা অভিযোগ করেন, সাইফুল ইসলাম ও তার ভাইয়ের প্রভাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত পরিবেশে বসবাস করছেন। তাদের দাবি, কেউ প্রতিবাদ করলে বা তাদের বিরুদ্ধে কথা বললে হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়। তারা আরও অভিযোগ করেন, আবুল কাসেমের মৃত্যু আত্মহত্যা নয়; তাকে শ্বাসরোধে হত্যা করে পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা "আবুল কাসেম হত্যার বিচার চাই", "খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই"সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে নিজ বাড়ি থেকে আবুল কাসেমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমদিকে আত্মহত্যার বিষয়টি সামনে এলেও নিহতের পরিবারের দাবি, স্কুলছাত্রী অপহরণ, জোরপূর্বক বিয়ের অভিযোগ এবং ২০ লাখ টাকা দাবিসহ বিভিন্ন ঘটনার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এখনও চলমান এবং অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
মানববন্ধন শেষে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদঘাটন, অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.