মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা। গত দেড় মাসে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই মাছের ঘেরে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে কিংবা বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তাহীনতা, ত্রুটিপূর্ণ তার ও যন্ত্রপাতি এবং যথাযথ তদারকির অভাবের কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
জানা গেছে, সর্বশেষ গত ৭ জুলাই উপজেলার মুক্তারপুর গ্রামে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জিয়াউর রহমান (৪৬)। এর আগে ২৮ জুন হাজরাকাটি গ্রামে মাছের ঘেরে মোটর চালুর সময় আব্দুল মান্নান (৩০), ২৫ জুন শ্যামকুড় গ্রামে পুকুরে পানি সেচ দিতে গিয়ে লিয়াকত গাজী (৬০) এবং ৮ জুন মাছের ঘেরে কাজ করার সময় খুলনার কয়রা উপজেলার শ্রমিক মোফাজ্জেল হোসেন (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এছাড়া ২৫ মে ঝাঁপা গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে কামরুজ্জামান (৪৫), একই মাসে বিদ্যুৎচালিত মেশিনে রড কাটার সময় হানুয়ার গ্রামের আব্দুল গাফ্ফার (৫৫), ১৫ মে ধানঝাড়া মেশিনে কাজ করতে গিয়ে সালামতপুর গ্রামের মুনছুর আলী, ১৬ মে আম পাড়ার সময় খোঁজালিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫) এবং মাছ ধরতে গিয়ে ঘেরপাড়ে থাকা বিদ্যুতায়িত তারে জড়িয়ে মাছনা গ্রামের আব্দুস সাত্তার গাজীর মৃত্যু হয়।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড, যশোরের নির্বাহী প্রকৌশলী মিঠু কুমার বলেন, এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (যপবিস-২)-এর জেনারেল ম্যানেজার ভালো বলতে পারবেন।
যপবিস-২-এর জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জমান বলেন, “এ ধরনের মৃত্যুর খবর আমাদের জানা নেই।” সংযোগের পর নিয়মিত তদারকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গ্রাহক বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর তাদের ব্যবহৃত অভ্যন্তরীণ সংযোগ বা যন্ত্রপাতির নিয়মিত তদারকির দায়িত্ব আমাদের থাকে না।”
তবে স্থানীয়দের দাবি, ঘন ঘন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদন্ত, ঝুঁকিপূর্ণ সংযোগ শনাক্তকরণ এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.