নরসিংদী প্রতিনিধি
লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম-অসংগতির অভিযোগে নরসিংদী সদরের গ্রীন লাইফ (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতালের এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ চিহ্নিত সব অনিয়ম-অসংগতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন। এ সময় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও নির্ধারিত মানদণ্ড নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.