ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর বালুমহল দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা নাসিরুল বিশ্বাসকে গুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. সুমন আলী (এজাহারের ৮ নম্বর আসামি) উপজেলার গোলাপনগর এলাকার এরশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে গোলাপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বিকেলে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় পদ্মা নদীর বালুমহল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল বিশ্বাস (৪০) গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার মাইদুল ইসলাম বলেন, নাসিরুল বিশ্বাসকে গুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি সুমন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.