মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর বাজারের উত্তর মোড়লপাড়ায় ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে প্রায় দুই লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির দাবিদার আরজান দফাদার গং সাতজনের নাম উল্লেখ করে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৬ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত একই এলাকার রফিক গাজী, রুবেল হোসেন, রশিদ গাজী, সোহেল গাজীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিতর্কিত জমিতে প্রবেশ করে দখল নেয় এবং সেখানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে অভিযোগকারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরজান দফাদার দাবি করেন, পাকিস্তান আমলে বারিক ভেন্ডার ও পরে ১৯৭৫ সালে তিনি ও তাঁর ভাইয়েরা ওই জমি ক্রয় করেন। এছাড়া পাশের আরও ২৫ শতক জমিও বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা নিয়ে ২০০৯ সালে দেওয়ানি আদালতে মামলা হলে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে বর্তমানে উচ্চ আদালতে আপিল বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রুবেল হোসেন বলেন, জমিটি তাঁদের পৈত্রিক সম্পত্তি। আদালতের রায়ের ভিত্তিতেই তারা জমির দখল নিয়েছেন এবং নিজেদের জমির গাছ কেটেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, অভিযোগটি তদন্তের জন্য নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.