কুবি প্রতিনিধি
শিক্ষার্থীদের জন্য নির্যাতনমুক্ত, বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর সহযোগী সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিহাব উদ্দিন আহম্মদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জুবাইর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। একই দিন অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাইমুর ইসলাম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মাহফুজুল হাসান।
নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, “সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার একটি অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা করার অধিকার রয়েছে। তাই মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য, হয়রানি ও র্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের সংগঠন সোচ্চার ভূমিকা পালন করবে।”
সংগঠনটির নেতারা জানান, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.