আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে কবরস্থানে যাতায়াতের পথ তৈরির নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় বাসিন্দা আশরাফ আলী মীর। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি জমি হিসেবে পরিচিত। সম্প্রতি সেখানে ট্রাকযোগে বালু ফেলে ভরাট করা হয়েছে, যা সরকারি জমি দখলের প্রচেষ্টা বলে তারা অভিযোগ করছেন।
স্থানীয় বাসিন্দা সোলেমান মীর বলেন, “এটি বহুদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। সেখানে বালু ফেলে দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
একই গ্রামের বাসিন্দা ঝর্না বেগম অভিযোগ করেন, আশরাফ আলী মীর ও রাব্বি সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। পরে আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে নির্মিত ঘর ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তাঁর বাপের বাড়ির সামনের সরকারি জমিও দখলের উদ্দেশ্যে বালু ভরাট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি জমি দখল হলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ আলী মীর বলেন, “আমি কোনো সরকারি জমি দখলের উদ্দেশ্যে বালু ফেলিনি। আমাদের বাপ-দাদার কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য একটি পথ তৈরি করতে কিছু বালু ফেলা হয়েছে।”
এ বিষয়ে বোয়ালমারী পানি উন্নয়ন উপ-বিভাগের ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবর রহমান বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বালু ভরাট বা দখলের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.