দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শনিরুল ইসলাম (২০) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই এলাকার রবিউল ইসলামের ছেলে এবং পেশায় ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়ামল্লিকপাড়া গ্রামে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য নির্ধারিত স্থানে নির্মিত একটি মাচায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় শনিরুল ইসলাম সেখানে গেলে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহারুল, রাব্বি, সিজান, রমিন ও স্বপনসহ ৫-৬ জনের বিরুদ্ধে শনিরুলের ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ ওঠে।
হাতুড়ির আঘাতে শনিরুল মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.