বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে আবুল কালাম চাকলাদার (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কালাম চাকলাদার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। এছাড়া অতীতে সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্বজনদের ভাষ্য, প্রায় এক বছরের বেশি সময় ধরে তার স্ত্রী-সন্তান শহরে বসবাস করছিলেন। এ সময় তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো স্বজন ইয়াসমিন বেগম খাবার নিয়ে বাড়িতে গেলে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। পরে ঘরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ইয়াসমিন বেগমের দাবি, ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, “আবুল কালাম চাকলাদার গত কয়েক মাস ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন বলে জানতে পেরেছি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।”
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.