মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘটিত ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই দিবাগত রাতে নারায়ণগঞ্জের মেঘনাঘাট থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যানে ৬৬৫ কার্টনে মোট ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল পরিবহন করা হচ্ছিল। রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া ওভারব্রিজ সংলগ্ন ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি পিকআপে থাকা ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।
ডাকাতরা চালক আকিব হাসান জয় ও হেলপার নাহিদ হাসানকে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে কেয়টখালী এলাকায় ফেলে রেখে তেলবোঝাই কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১০ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতচক্রের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুট হওয়া কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পরে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারের একটি ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে আরও ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করে পুলিশ। এছাড়া স্থানীয় তথ্যের ভিত্তিতে ইমরান হোসেন নামে এক ব্যক্তির গোডাউন থেকে আরও ৫৮ কার্টন ও অতিরিক্ত ৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, সব মিলিয়ে ৬৫২ কার্টনে মোট ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল গনি মিয়া রাঙ্গামাটির লংগদু উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের হেমায়েতপুরে বসবাস করতেন। অপর আসামি অভি রহমান ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ডাকাতচক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.