আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া এলাকা ও একটি জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
শনিবার (১২ জুলাই) সকালে তিনি গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের জলমগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
জানা গেছে, গত চার দিনের একটানা বৃষ্টিপাতের কারণে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এতে ঘরবাড়ি, কৃষিজমি, ফসল এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিদর্শনকালে ইউএনও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি প্রত্যক্ষ করেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, মানিকখালী-বড়দল সড়কের কালভার্টগুলো সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেওয়া হবে।
এরপর তিনি ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম সরদার, সাধারণ সম্পাদক লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউএনও শ্যামানন্দ কুন্ডু মসজিদের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এর উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.