দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদ্যুতিক মোটরসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি উপজেলার পরিষদ সংলগ্ন পূর্বপাড়া এলাকায় উজ্জ্বল হোসেনের বাড়িতে ঘটে। উজ্জ্বল হোসেন স্থানীয় সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনের বড় ছেলে। তিনি ঢাকায় কর্মরত থাকায় বাড়িতে তার স্ত্রী রোজিনা খাতুন তিন সন্তানকে নিয়ে বসবাস করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রোজিনা খাতুন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে গভীর রাতে চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে রান্নাঘরের দরজার লোহার সিটকানির অংশ কেটে শোবার ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
শনিবার বিকেলে বাড়িতে ফিরে রোজিনা খাতুন ঘরের দরজা খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। চুরির বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং স্থানীয়দের খবর দেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "চুরির ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে এবং তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.