কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শহীদ উল্লাহ কচুয়া থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগে শহীদ উল্লাহ বলেন, কাদলা পণ্ডিতবাড়ি এলাকার জয়নাল আবেদীনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সম্প্রতি রাতের আঁধারে তার বাড়ির নতুন নির্মিত ইটের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। বিষয়টি জানতে চাইলে জয়নাল আবেদীন, তার স্ত্রী আমেনা বেগম এবং মেয়েরা শাহিনুর আক্তার ও তানিয়া আক্তার তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা তার জমিতে রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন। এছাড়া বাড়ির মালামাল লুটপাট এবং জমিতে রোপণ করা চারা গাছ কেটে ফেলারও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি তার। একই সঙ্গে থানায় আগেও অভিযোগ করা হলেও অভিযুক্তরা পুলিশের ডাকে সাড়া দেননি বলেও উল্লেখ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার না করে জয়নাল আবেদীন বলেন, যে জায়গায় প্রাচীর নির্মাণ করা হয়েছিল, সেটি তার মালিকানাধীন। তাই তিনি প্রাচীরটি ভেঙেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শহীদ উল্লাহর পক্ষ থেকে তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কচুয়া থানার পক্ষ থেকে অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.