যশোর প্রতিনিধি
প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে যশোর জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করেছে যশোর জিলা স্কুল। প্রতিষ্ঠানটির ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন বৃত্তি পেয়েছে।
রোববার (১২ জুলাই) ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
তিনি জানান, বৃত্তিপ্রাপ্ত ৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪৮ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। সংখ্যার দিক থেকে এটি জেলার সর্বোচ্চ।
এদিকে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন।
যশোর পুলিশ লাইন স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, তাদের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তিনি বলেন, সরকারি বিদ্যালয়ের ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের মাত্র ২০ শতাংশ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী অংশ নিতে পারেনি।
যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শিরীন সুলতান জানান, তাদের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে রয়েছে।
যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হান্নান জানান, তাদের ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
অন্যদিকে, যশোর এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খায়রুল আনাম বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষায় অংশগ্রহণের ভিন্ন কোটা থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, যা বৃত্তিপ্রাপ্তির সংখ্যায় প্রভাব ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.