দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় খোকসা শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়িয়া গ্রামের সিরাজ কাজীর ছেলে মো. ইকবাল কাজী (৩৫) ও রমজান আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩৩) খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কমলাপুর যাচ্ছিলেন। ভ্যানটি পুরাতন পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ভ্যানে আঘাত করে। এতে ভ্যানে থাকা হোমিও চিকিৎসক দিলীপ বিশ্বাস, ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, "এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.