নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পদযাত্রায় বের হয়েছেন তিন রোভার স্কাউট সদস্য।
রোববার (১২ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে চান্দনা মুক্ত স্কাউট গ্রুপের তিন সদস্য এ পদযাত্রা শুরু করেন।
পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রোভার সদস্যদের উৎসাহ ও শুভকামনা জানান গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং বাংলাদেশ স্কাউটসের স্থানীয় কর্মকর্তারা।
রোভার সদস্য শাকিব জানান, তিনি ও তাঁর দুই সহযাত্রী মাহিম হোসেন এবং রিফাত হোসেন রনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাজেন্দ্রপুর, কাপাসিয়া, টোক বাজার, মনোহরদী, চালাকচর, উয়ারী-বটেশ্বর, বেলাবো ও শিবপুর হয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন।
এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারা তিনটি সামাজিক সচেতনতামূলক বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। শাকিব বহন করছেন ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ বার্তাসংবলিত প্ল্যাকার্ড, মাহিম হোসেন বহন করছেন ‘ট্রাফিক আইন মেনে চলুন’ এবং রিফাত হোসেন রনি বহন করছেন ‘রোভারিং করবো, মাদকমুক্ত দেশ গড়বো’—এই বার্তাসংবলিত প্ল্যাকার্ড।
রোভার সদস্যরা জানান, পদযাত্রার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এ ব্যতিক্রমী উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.