আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর-পশ্চিম পাশের এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা নতুন করে ধসের কারণে চার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, সেতুটির উত্তর অংশ রাণীনগর উপজেলা এবং দক্ষিণ অংশ আত্রাই উপজেলার অন্তর্গত। এই সড়ক দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং রাজশাহীর বাগমারা উপজেলার হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে সড়কের এমন বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশে (রাণীনগর অংশে) রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধস সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশ ভেঙে পড়ায় সড়কটি অনেকটাই সরু হয়ে গেছে। এতে ভারী ও হালকা যানবাহন এবং পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পুরো সড়ক নদীতে বিলীন হয়ে চার উপজেলার গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, "বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতু আমাদের এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই পথ ব্যবহার করেন। সেতুর উত্তর পাশের ধস এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।"
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, সড়ক ধসের বিষয়টি তাদের নজরে এসেছে। পানির স্রোত বা অন্য কোনো কারণে নিচের মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.