শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে অভিনব কৌশলে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। অভিযানে পুলিশ সদস্যরা এনজিও কর্মীর ছদ্মবেশে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নকিপুর গ্রামের আনিসুল মোল্লা কালুর ছেলে মো. বাপ্পি মোল্লা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারীর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা এনজিও কর্মীর পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে অবস্থান নেন। পরে নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির পাশের পাকা সড়ক থেকে সন্দেহভাজন বাপ্পি মোল্লাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাঠোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.