বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প’-এর আওতায় এন্ড ইউজার কানেক্টিভিটি (End User Connectivity) প্রদান-পরবর্তী গ্রাহক পর্যায়ের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের যুগ্মসচিব সাইফুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার।
সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এ প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে যে সংযোগ প্রদান করা হয়েছে, তা স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রসার এবং নাগরিক সেবা প্রাপ্তিকে আরও সহজ ও দ্রুততর করবে।”
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাহকদের প্রযুক্তির যথাযথ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রাহকদের কাছে সংযোগ ও সেবার দায়িত্ব হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.