ফেনী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। তিনি বলেন, দ্রুত এসব বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারে ১১ দলীয় ঐক্য ফেনী জেলা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পারওয়ার বলেন, “জুলাই আন্দোলনে দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়েছেন। সেই আত্মত্যাগের লক্ষ্য পূরণে জুলাই সনদ, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।”
সেমিনারে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রতিবছর বন্যা, পাহাড়ধস, অতিবৃষ্টি ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে। এসব সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে বিভিন্ন সামাজিক কর্মসূচি কাঙ্ক্ষিত সুফল দেবে না। তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আহ্বান জানান।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ডা. ফখরু উদ্দিন মানিক, অ্যাডভোকেট কামাল উদ্দিন, একেএম শামছুউদ্দিন, অধ্যাপক আবু ইউসুফ, জাগপার ফেনী জেলা সভাপতি সাঈদ উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম।
সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.