দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে অব্যাহতি পেয়েছেন সুজাউদ্দিন জোয়ার্দ্দার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমীর মাওলানা মো. এনামুল হক। একই সঙ্গে জেলা সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনের পরিবর্তে মোমিন বিশ্বাসকে নতুন সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নবনিযুক্ত জেলা সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর খন্দকার এ. কে. এম. আলী মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রুকনদের রুকনিয়াত মুলতবি থাকবে। সেই সিদ্ধান্তের আলোকে সুজাউদ্দিন জোয়ার্দ্দারের স্থলে এনামুল হককে জেলা সেক্রেটারি এবং মাজহারুল হক মমিনের স্থলে মোমিন বিশ্বাসকে জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদ হারানোর বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা কোনো দায়িত্বশীল সাংগঠনিক পদে থাকতে পারেন না। এ কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এতে তার কোনো ক্ষোভ বা কষ্ট নেই। জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকার ড. ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় তার সাংগঠনিক দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.