নওগাঁ প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নওগাঁ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে মুক্তির মোড়ে ‘সকল কলেজের সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাফিউল বারী রাজন, সাদিয়া রহমান, নাঈম আহমেদ, জিয়াদ হোসেন, সামিউর আহমেদ রহিম, মহাসিনা ফারহানা ও বিপ্লব মণ্ডল।
বক্তারা বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, কুমিল্লার বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও তারা দাবি করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জাস্টিস ইজ জাস্টিস’, ‘আপস না, সংগ্রাম’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রীর নওগাঁ সফর অনুষ্ঠিত হলে তার প্রতিবাদে কর্মসূচি পালন করবেন।
পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিক্ষা অফিসের সামনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.