নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং যুক্তরাষ্ট্র সরকারের ‘ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস’ কর্মসূচির যৌথ উদ্যোগে ধানের তাপ সহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদ্গম বিষয়ক অগ্রাধিকার প্রকল্পের প্রারম্ভিক ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ কমপ্লেক্সের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের এইচএম বিচেল রাইস চেয়ার অধ্যাপক ড. মাইকেল থমসন এবং রাইস জেনেটিক্স ও জিনোমিক্স বিভাগের অধ্যাপক ড. এনডাং সেপটিনিংসি।
স্বাগত বক্তব্য দেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান।
কর্মশালায় ব্রির সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অংশ নেন। এতে ‘সিরিয়ালস ল্যাব-ব্রি: তাপমাত্রা অগ্রাধিকার প্রকল্প’ এবং ‘সিরিয়ালস ল্যাব-ব্রি: অক্সিজেনবিহীন অঙ্কুরোদ্গম অগ্রাধিকার প্রকল্প’-এর পরিকল্পনা, কার্যপরিধি ও অগ্রগতি তুলে ধরা হয়।
এছাড়া প্রকল্পগুলোর বৈশিষ্ট্য শনাক্তকরণ, যাচাইকরণ, প্রযুক্তি স্থানান্তর পরিকল্পনা, বাস্তবায়ন ও সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। পরে এ দুটি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তাপ সহনশীল ও প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদ্গমে সক্ষম ধানের জাত উদ্ভাবনে গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.