ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান এবং শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা, মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্লকের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই, কুলচারা, ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় আড়াই হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি হবে। এর ফলে সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, ভর্তুকি এবং বিভিন্ন কৃষিসেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সভায় কৃষকদের নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.