গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা-নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে একটি কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে সোয়েটার লাইন বিডি লিমিটেড-এর মালিক ফিরোজ আহম্মেদকে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ উদ্যোগে কারখানাটিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক মো. রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধ এবং সরকারি সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.