দিনাজপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, বিএনপি বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে কাঁঠাল, আম, নিমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।
বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিরা তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.