বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, টু-আই-সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেন, বিজিবির চিকিৎসক মেজর উর্মি, অন্যান্য স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
মেডিকেল ক্যাম্পে বিজিবির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে নদীভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.