জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতার যুগে এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণামুখী মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আকার নয়, একজন শিক্ষার্থীর মেধা, সৃজনশীলতা ও অধ্যবসায়ই তার প্রকৃত পরিচয়।
ইইই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হক এবং প্রভাষক আমিমুল এহসান।
এছাড়া গণিত বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ শাহজালাল, ক্রীড়া ও শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা, বিজয়-২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন, প্রকৌশল শিক্ষার নতুন অধ্যায় এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং মানসম্মত শিক্ষা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও বিভিন্ন জাতীয় আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন এবং দেশ ও জাতির কল্যাণে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.