রুয়েট প্রতিনিধি
জুলাই আন্দোলনের চেতনা ও স্মৃতিকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রাজশাহী শহর পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
রাজশাহী শহর পরিষদের সভাপতি তালহা বিন কবির বলেন, “জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনাকে ধারণ করে প্রতীকীভাবে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। তীব্র তাপদাহ ও অনিয়মিত বৃষ্টিপাতের এই সময়ে একটি গাছ রোপণই হতে পারে সবুজ ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাছ আমাদের পরিবেশ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।”
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতীকীভাবে ২৪ প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.