ফরিদপুর প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক রথযাত্রা বের করা হয়।
সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে প্রথম রথযাত্রা বের হয়। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের উদ্যোগে আরেকটি রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে এসে পৌঁছায়। পরে বেলা ১১টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা থেকে আরও একটি রথযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন আচার-অনুষ্ঠান।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সুসজ্জিত রথে করে তাঁদের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব উদযাপন করা হয়।
রথযাত্রাকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে রথযাত্রার পথজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য।
এদিকে, রথযাত্রা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.