নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত ফারুক ওরফে শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
আটক দুজন হলেন— একই গ্রামের মুন মুন্সিবাড়ির আল আমিনের ছেলে মো. আরশাদ ওরফে আকাশ (২৪) এবং আকবরপুত্রের বাড়ির দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে ফারুককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. ইমরান হোসেন অভিযোগ করেন, অভিযুক্ত আকাশ এলাকায় চিহ্নিত মাদকসেবী। কয়েকদিন আগে স্থানীয় একটি দোকানে মাদকসেবন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা আকাশকে দোকান থেকে বের করে দেন। এরপর থেকেই আকাশ তার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে তার বাবার মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়।
কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.