নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকাল থেকেই গাজীপুর শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রথখোলা ও আশপাশের এলাকায় হাজারো ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা ও রথ মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, বাপ্পি দে-সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথ টানার এ ধর্মীয় আয়োজনে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা রথ টেনে পূজা-অর্চনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
রথ মেলাকে কেন্দ্র করে রথখোলা এলাকাজুড়ে বসেছে বিশাল মেলা। সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিভিন্ন বিনোদনের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের শতাধিক দোকানে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকা এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজকরা জানান, আগামী ২০ দিনব্যাপী চলা এ রথ মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.