মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুড়িতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধার গ্রামের উত্তর-পূর্ব পাশে ধেনু নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের নেতৃত্বে খালিয়াজুড়ি থানার এসআই মো. আব্দুল করিম ও পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আবুল কাসেম (৪২) এবং মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. মাফিজুল মিয়া (২৪)-কে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) তারা এক লাখ টাকা জরিমানা পরিশোধ করায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.