নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের সিনেমা হল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সরকারি খাল, কৃষিজমি ও পুকুর ভরাট করে আসছে। তাদের দাবি, সরকারি রাস্তা ও বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেজারের পাইপলাইন বসানো হয়েছে, যার ফলে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, পাইপলাইনের কারণে প্রতিদিন শত শত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আমাদের গ্রাম, পরিবেশ ও ফসলি জমি রক্ষার স্বার্থে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড আর হতে দেব না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তারা অবিলম্বে অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণ, সরকারি খাল, পুকুর ও কৃষিজমি দখলমুক্ত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন, স্বপন খান, দুলাল, মনির খান, মামুন খান, মজিবর ফকির, কাদির, আরিফ, নিঝুম মাদবর, বিজয় মাদবর, পারভেজ, আকাশ বেপারী, রাব্বি, আশিক দেওয়ান, লিওন, সৌরভসহ স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.