ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন সুইপার কলোনির পাশে তুলা পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মো. জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মো. জিয়ারুলের ছেলে মো. মনির (১৯)।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।”
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আত্রাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.