নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলা সফরকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে উপজেলার দীর্ঘদিন ধরে এমপিও-বঞ্চিত যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে নওগাঁ যাওয়ার পথে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় আয়োজিত এক পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মান্দা উপজেলা আয়তন, জনসংখ্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার দিক থেকে জেলার অন্যতম বৃহৎ উপজেলা। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার অনেক যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাইরে রয়েছে।
তিনি বলেন, “নওগাঁ-১ আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত। প্রতিটি উপজেলায় যদি গড়ে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পেয়ে থাকে, তাহলে ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহৎ মান্দা উপজেলার জন্য মাত্র তিনটি প্রতিষ্ঠান কোনোভাবেই যথেষ্ট নয়। জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় অন্তত ৯টি যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা প্রয়োজন।”
এমপি টিপু আরও বলেন, গত ২৫ থেকে ৩০ বছরে স্থানীয় জনগণ ও শিক্ষানুরাগীদের উদ্যোগে অনেক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে সেগুলোর অনেকই এখনও এমপিওভুক্ত হয়নি। তিনি চলমান এমপিও নীতিমালার সংস্কারের আলোকে শর্ত কিছুটা শিথিল করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করার আহ্বান জানান।
জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পথসভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.