দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের তাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাহের মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, “এই মুহূর্তে হাসপাতালে কতজন ভর্তি হয়েছেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, পান্তাপাড়া ও তাহের মোড়ের মাঝামাঝি স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হলেও এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.