রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারে প্রবেশের পর ভারী পোল্ট্রি ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত জসিম শেখ গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করেন জসিম। ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর সময় সেটি তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.