স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পরিবেশ রক্ষা ও দেশকে সবুজায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “দেশকে সবুজায়নের লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হলো।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আকরামুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিমায়েত হোসেন মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.