স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছয়তলা একাডেমিক ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রায় ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিশন-সংক্রান্ত অভিযোগ তুললেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দাবি করেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের বড় একটি অংশজুড়ে বালু ও পাথরের স্তূপ পড়ে আছে। এতে দীর্ঘদিন ধরে সকালের সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ রয়েছে। সামান্য বাতাসেই মাঠজুড়ে ধুলাবালুর সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। খেলাধুলাও ব্যাহত হচ্ছে। এছাড়া ভবনের বেজমেন্ট নির্মাণের জন্য খনন করা গভীর গর্তে বৃষ্টির পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম অভিযোগ করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা প্রকল্পের মোট ব্যয়ের ৪ থেকে ৭ শতাংশ কমিশন দাবি করেছেন। কমিশন না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে বলে তার দাবি। তিনি আরও বলেন, নির্মাণসামগ্রীর মান নিয়ে আপত্তি থাকলে তা পরীক্ষা করে প্রয়োজন হলে পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত ছিল।
তবে অভিযোগ অস্বীকার করে নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুণাভ রায় বলেন, “নির্মাণকাজ সিডিউল অনুযায়ী না হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ না হলে কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।”
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, “প্রকৌশল বিভাগ ও ঠিকাদারের বিরোধের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।”
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের পরস্পরবিরোধী অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই শিক্ষা অবকাঠামো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হোক, যাতে শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.