ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পৌঁছে দিতে এ ধরনের ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্প অত্যন্ত কার্যকর। বিশেষ করে গ্রামীণ এলাকার অটিজমসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে প্রয়োজনীয় থেরাপি ও পরামর্শ সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন জানান, ক্যাম্পে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রাথমিক মূল্যায়নের পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, এ কর্মসূচির অংশ হিসেবে ১৯ ও ২০ জুলাই সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং আগামী রোববার ও সোমবার উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একই ধরনের সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী সেবাপ্রত্যাশী, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.