ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে আকস্মিক টর্নেডোর আঘাতে অন্তত ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোতে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, বিকট শব্দের সঙ্গে হঠাৎ টর্নেডো বয়ে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, শতাধিক গাছ উপড়ে পড়ে এবং প্রায় ২০টি ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত বা উড়ে যায়। এছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, টর্নেডোতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ দুর্যোগে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছে।
স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, “আমার ৭০ বছরের জীবনে এমন ভয়াবহ টর্নেডো দেখিনি। মনে হয়েছে যেন কেয়ামত নেমে এসেছে।”
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। জেলা প্রশাসনের একটি সভায় থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.