ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১৯ জুলাই) উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান বলেন, “প্রজনন মৌসুমে দেশীয় মাছের পোনা ও ডিমওয়ালা মাছ সংরক্ষণে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আইন অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.