নড়াইল প্রতিনিধি
মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইল-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না। সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
রোববার (১৯ জুলাই) দুপুরে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইলে এটি ছিল তার প্রথম সরকারি সফর।
সভায় তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, খাল খননসহ জনকল্যাণমূলক সব প্রকল্প যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.