খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘শহীদ মারুফ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর ফাইনালে কমলাপুর যুবসংঘ ২-০ গোলের ব্যবধানে প্রজন্ম ফুটবল একাদশ, গোপগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। কর্দমাক্ত মাঠেও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল উপভোগ্য। নির্ধারিত সময়ে কমলাপুর যুবসংঘের হয়ে আরমান ও শুভ একটি করে গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন। অন্যদিকে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি প্রজন্ম ফুটবল একাদশ।
ফাইনালে দুর্দান্ত নৈপুণ্যের জন্য কমলাপুর যুবসংঘের খেলোয়াড় রাহাত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রজন্ম ফুটবল একাদশের খেলোয়াড় লালন ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
টুর্নামেন্টের সব ম্যাচ পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল আজিজ বিশ্বাস। প্রাণবন্ত ধারাভাষ্য দেন প্রভাষক আমজাদ বাবু।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মারুফের বাবা মো. শরিফুল ইসলাম বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। চ্যাম্পিয়ন কমলাপুর যুবসংঘ ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকা এবং রানারআপ প্রজন্ম ফুটবল একাদশ ট্রফির সঙ্গে ৬ হাজার টাকা প্রাইজমানি লাভ করে।
খোকসা জুনিয়র ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধান করেন রাতুল মাহমুদ রওনক। টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করেন খোকসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, খোকসা জুয়েলার্সের স্বত্বাধিকারী মাহমুদ হাসান রিন্টু, স্বপন হাসান ও দিপু হাসান।
জুলাইয়ের শহীদ মারুফের স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টটির প্রথম আসর দর্শকদের ব্যাপক সাড়া ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.