জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে আনন্দ ভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে পৌর এলাকার বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মোড় সংলগ্ন বালিজুড়ী বাজারে টেনিস সোলারের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নীল-সাদা জার্সি ও আর্জেন্টিনার পতাকা হাতে শতাধিক সমর্থক অংশ নেন। খেলা শুরুর আগে আলোচনা সভা এবং পরে প্রায় অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়। মেন্যুতে ছিল বিরিয়ানি, মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাবার।
আর্জেন্টিনা সমর্থক দলের সভাপতি টেনিস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হুমায়ুন কবির, সাইদুল ইসলাম, সওদাগর, সোহাগ হোসেন, বাবু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। খেলা চলাকালে বড় পর্দায় সরাসরি সম্প্রচার উপভোগ করেন সমর্থকরা। প্রিয় দল গোল করলেই উল্লাসে ফেটে পড়েন তারা।
টেনিস সোলারের স্বত্বাধিকারী টেনিস সাগর বলেন, “বিশ্বকাপ মানেই উৎসব। আর্জেন্টিনা আমাদের আবেগের নাম। এলাকার সবাইকে নিয়ে একসঙ্গে খেলা দেখা ও আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।”
আনন্দ ভোজে অংশ নেওয়া এক সমর্থক বলেন, “একসঙ্গে বসে খেলা দেখার আনন্দই আলাদা। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।”
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ফুটবলবিষয়ক গান, পতাকা মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সমর্থকরা তাদের প্রিয় দল আর্জেন্টিনার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.